এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গতকালও অনশন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। পিপার গান ছুঁড়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এছাড়া শিক্ষকদের কাছ থেকে মাইকও কেড়ে নেয়া হয়েছে।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় পূর্বঘোষিত অনশন কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ প্রেসক্লাবের সামনে কোনো শিক্ষককে দাঁড়াতে দেয়নি। প্রেসক্লাবে যেতে না পেরে বেলা সাড়ে ১১টার দিকে কয়েকশ’ শিক্ষক-কর্মচারী শহীদ মিনারে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে তাদের অনেকে শহীদ মিনারের পাদদেশে শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। শহীদ মিনার এলাকায় এর আগ থেকেই প্রচুর সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন ছিল। দুপুর ১টায় তারা মাইক নিয়ে শ্লোগান দেয়ার চেষ্টা করলে পুলিশ শিক্ষকদের কাছ থেকে মাইক কেড়ে নেয়। এরপরও শিক্ষকরা অবস্থান করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পিপার গান ছোঁড়ে।
এসময় শিক্ষকরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন। এসময় অনেক বয়স্ক শিক্ষক উচ্চৈঃস্বরে চিত্কার শুরু করেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। পিপার গান ছোঁড়ার পর অনেক শিক্ষককে অসু্স্থ হয়ে পড়তে দেখা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, অনুমতি ছাড়াই শিক্ষকরা এখানে জমায়েত হয়েছেন। এখানে সভা-সমাবেশ বা কোনো কর্মসূচি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতি নিতে হয়। এছাড়া শহীদ মিনার এলাকায় সভা-সমাবেশ বা অনুষ্ঠান করার ক্ষেত্রে হাইকোর্টের কিছু নির্দেশনাও আছে। এসব কারণে শিক্ষকদের এখান থেকে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
শিক্ষক সংগঠনের সভাপতি এশারত আলী বলেন, পুলিশ শিক্ষকদের ওপর নির্যাতন করছে। আমাদের মনে হচ্ছে, আমরা শিক্ষক হয়ে পাপ করেছি। শিক্ষক নেতারা বলেন, ভয়ে অনেক শিক্ষকই প্রেসক্লাবের সামনে আসেননি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে তিন দিন ধরে তাঁরা অবস্থান ধর্মঘট ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
পুলিশ এবার ব্যবহার করলো ‘পিপার গান’। গতকাল শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি স্কুলের শিক্ষকদের ওপর পরীক্ষামূলকভাবে এই পিপার গান ব্যবহার করা হয়। পিপার গান ব্যবহারের প্রথম দিনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সুফল পেয়েছে। রাজারবাগ পুলিশ লাইনের অস্ত্র শাখার একজন কর্মকর্তা জানান, দুই বছর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিপার গান ও টিজার গান আনার উদ্যোগ নেয়া হয়। সম্প্রতি ফিলিপাইন থেকে প্রায় দুই হাজার পিপার গান আনা হয়। মরিচের গুঁড়া মিশ্রিত তরল পদার্থ এই পিপার গানে রয়েছে। এই তরল পদার্থ শরীরের কোনস্থানে লাগলে তা জ্বালা পোড়া করবে।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, স্বাভাবিকভাবে যে কোন বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ এই পিপার গান ব্যবহার করছে। এটির তরল পদার্থ কারো শরীরে লাগলে কোন স্থায়ি ক্ষতি হবে না বলেও তিনি মন্তব্য করেন।
পিপার গান স্প্রে করতে গিয়ে এসআই আহত : এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে অনশনে যোগ দেয়া শিক্ষকদের ওপর গ্যাস স্প্রে করতে গিয়ে আহত হন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্মর সিং ত্রিপুরা (৩৮)। পরে তার সহকর্মী এসআই শফিক বেলা ২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দেড়ঘণ্টা চিকিত্সা শেষে চিকিত্সক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে।
