মুন সিনেমা হল নিয়ে আবার আইনি লড়াই

সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৩
যে সিনেমা হলের মালিকানার দাবি নিয়ে দায়ের করা রিট আবেদনে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ও অবৈধ ঘোষণা হয়েছিল—সেই মুন সিনেমা হলের জমিটি মালিক মাকসুদুল আলম আজও ফেরত পাননি। আপিল বিভাগের রায়ের পর তিন বছর পেরিয়ে যাওয়ায় সরকারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে। আবেদনটি গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে উত্থাপন করা হলে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ১৪ জানুয়ারি শুনানির দিন ধার্য করে তা নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আবেদনে ভূমি সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। আবেদনে বলা হয়েছে, নানা অজুহাত দেখিয়ে জমি ফেরত দিতে টালবাহানা করা হচ্ছে। আদালতে গতকাল মাকসুদুল আলমের পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান খান, অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম কে রহমান উপস্থিত ছিলেন। আজমালুল হোসেন কিউসি সাংবাদিকদের বলেন, এই সিনেমা হল নিয়ে দীর্ঘ আইনি লড়াই হয়েছে। সর্বশেষে আপিল বিভাগও আমাদের মুন সিনেমা হল বুঝিয়ে দিতে বলেছেন। কিন্তু এরপরও আমরা ওই জমি ফেরত পাইনি। নানা টালবাহানায় ওই জমি আমাদের ফেরত দেয়া হচ্ছে না।