এক হাজার ৬৮০ জনকে নিয়োগের সুপারিশ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৪
৩২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৫৯২ জন প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৬৮০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। এছাড়া বাকিদের ‘পদ খালি থাকা সাপেক্ষে’ বিভিন্ন নন ক্যাডার পদে নিয়োগ দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছে পিএসসি। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে পুরুষ ৭৫৭ ও নারী ৯২৩ জন। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বলেন, কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) চূড়ান্ত ফল পাওয়া যাচ্ছে। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে ফল জানতে ইঈঝ লিখে স্পেস দিয়ে ৩২ লিখে স্পেস দিয়ে রেজিষ্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্য ক্যাডারে ৫৩৬ জন। এ ছাড়া কৃষি সমপ্রসারণ কর্মকর্তা পদে ১০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। বাকিরা বিভিন্ন পদে সুপারিশ পেয়েছেন। ২০১১ সালের ১৯ অক্টোবর ১ হাজার ৪৮৯টি শূন্যপদে লোক নিয়োগ দিতে ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১ হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেয়ার কথা ছিল বিজ্ঞপ্তিতে। পরীক্ষায় অংশ নিতে মোট ২৬ হাজার ৪৩৭ জন প্রার্থী আবেদন করেন। গত বছরের ৯ মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২৪ হাজার ৫৬২ জন অংশ নিয়ে লিখিত পরীক্ষার জন্য ১০ হাজার ৮০৮ জন উত্তীর্ণ হন। গত বছরের ১১ থেকে ১৯ জুন আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২ হাজার ৭৮৮ জন প্রার্থী। গত বছরের ৩০ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় ২ হাজার ৬৭৫ জন অংশ নেন।