ভারতের উত্তর প্রদেশে তাপমাত্রা শূন্যের নিচে

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৫
ভারতের উত্তর প্রদেশের কয়েকটি জেলায় তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। তীব্র শৈত্য প্রবাহে প্রদেশটিতে আরো ৩৪ জন মারা গেছে। এবার তীব্র শীতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই প্রদেশে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। -খবর এনডিটিভির। লক্ষেৗ আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশের ৫টি জেলায় তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল গাজীপুর ও গোরাখপুরে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস। লক্ষেৗতে ছিল মাইনাস শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, কানপুরে মাইনাস শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বেরেলিতে মাইনাস শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল কানপুরে মাইনাস ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। হিন্দুস্তান টাইমস জানায়, রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও এসপিরা দাবি করেছেন, এবার শীতে কারো মৃত্যু হয়নি। খাদ্যাভাব, শৈত্য প্রবাহ অথবা দাবদাহে কারো মৃত্যু হলে ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।