পানছড়িতে জেএসএসের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত কর্মীর লাশ মিলেছে

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৫
জেলার পানছড়ির চেঙ্গী ইউনিয়নের জগপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির লাশ গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। নিহত রহেন ত্রিপুরা (কালো প্রিয়) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) অনুসারী। আধিপত্য বিস্তার নিয়ে জেএসএসের সংস্কারপন্থি গ্রুপ হিসাবে পরিচিত মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) দলের সঙ্গে বুধবার এই বন্দুকযুদ্ধ হয়। রহেন ত্রিপুরার বাবার নাম বিরেন্দ্র ত্রিপুরা। মাটিরাংগা উপজেলার আকুপাড়ায় ওয়াসাপাড়া গ্রামে তার বাড়ি। গত বুধবার বিকালে বন্দুকযুদ্ধে সন্তু লারমার একজন কর্মী নিহত ও দু’জন আহত হওয়ার খবর পাওয়া যায়। ঘটনার পর থেকে লাশ খোঁজাখুঁজি করে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চেঙ্গী ইউনিয়নের জগপাড়ার গভীর অরণ্য থেকে লাশ উদ্ধার করা হয়। পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে দু’রাউন্ড তাজা গুলি ও ২০টি গুলির খোসা উদ্ধার করে।