উচ্ছৃংখল ছাত্র রাজনীতিতে নিজেদের বিলিয়ে দিলে চলবে না

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৫
জাতীয় সংসদের স্পীকার এডভোকেট মোঃ আব্দুল হামিদ বলেছেন, সস্তা রাজনৈতিক ডামাঢোল বা উচ্ছৃংখল ছাত্র রাজনীতিতে নিজেদের বিলিয়ে দিলে চলবে না। দেশ, মাটি ও মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে। সুস্থ রাজনৈতিক চর্চার পাশাপাশি সু-নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ, পৌর মেয়র মোঃ রেফাত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হামিদ বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি আজও অর্জিত হয়নি। বর্তমান সরকার শিক্ষা প্রসারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সরকার প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষকের চাকরি জাতীয়করণ করেছে। এর আগে তিনি স্কুল ভবনের সামনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত জমিদার রাখাল চন্দ্র সাহার প্রতিকৃতি উন্মোচন করেন। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল এক বর্ণাঢ্য র্যালি বের হয়। ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপিত হবে।