সাভারে অসহায় এক কিশোরীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকার আইঠর চালা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনা প্রকাশ করলে ধর্ষিতার পরিবারকে ভিটেমাটি ছাড়া করারও হুমকি দিয়েছে ওই প্রভাবশালী।
এলাকাবাসী জানায়, ধর্ষিতা ওই কিশোরী (১৪) বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকার আইঠর চালা গ্রামে দিনমজুর মায়ের সাথে নিজ বাড়িতে বসবাস করতো। গত বুধবার রাতে কাজ শেষে মায়ের ফিরতে দেরি হওয়ার সুযোগে নির্জন বাড়িতে ঢুকে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি।
রাতেই বাড়ি ফেরার পর কিশোরী তার মাকে বিষয়টি জানালে বৃহস্পতিবার সকালে মেয়েটির মা স্থানীয় ব্যক্তিদের কাছে এ ঘটনার বিচার দাবি করেন। এদিকে বিষয়টি জানাজানি হওয়ায় ধর্ষিতার বাড়িতে লোক পাঠিয়ে মেয়ে ও তার মাকে এলাকা ছাড়া করার হুমকি দেয় ওই প্রভাবশালী। এছাড়া বিষয়টি থানা পুলিশ কিংবা গণমাধ্যম কর্মীদের কাছে প্রকাশ করলে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে শাসিয়েছে ধর্ষকের পক্ষের প্রভাবশালী ব্যক্তিরা।
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ধর্ষিতার পরিবারকে সব ধরনের আইনী সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে সাভারে গণধর্ষণের পর কলেজ ছাত্রীর ভিডিও চিত্র বাজারে ছাড়ে ধর্ষণকারীরা। এর রেশ না কাটতেই আশুলিয়ায় অপহরণের পর ধর্ষণ করা হয় এক আদিবাসীকে।
