বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রথম প্রহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের, সাহারা খাতুন, সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী এবং অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে ৯ মাস পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। তখন থেকে দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এদিকে দিবসটি উপলক্ষে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দলের সঙ্গে অভ্যন্তরীণ কোনো আলোচনা নয়, আলোচনা হবে উন্মুক্ত। আমরা গোপন আলোচনায় বিশ্বাস করি না। সংসদে আসুন সবার সামনে আলোচনা হবে। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হেসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, কৃষক লীগের সাবেক সভাপতি মির্জা জলিল, সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা। দিবসটি উপলক্ষে গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদের আগামী অধিবেশনে বিরোধী দল চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সকল বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারে। নির্বাচন নিয়ে কোনো কথা থাকলে তাও স্পষ্ট করে তারা (বিরোধী দল) বলতে পারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ জলিল। বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, সাবেক সংসদ সদস্য খ.ম জাহাঙ্গীর, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।