বন্যহাতির আক্রমণে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম হারিয়াকোনার এক আদিবাসী মহিলা নিহত এবং ৩ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উত্তর হারিয়াকোনা গ্রামে একদল বন্যহাতি ঐ গ্রামের সঞ্জীব সাংমার বাড়িতে আক্রমণ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা গৃহস্বামীর সদ্য প্রসূত স্ত্রী নেপালিস ম্রংকে শুঁড় দিয়ে পেঁচিয়ে বাইরে নিয়ে এসে পা দিয়ে পিষ্ট করে। হাতির দল এ সময় তাদের তিনটি ঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এছাড়াও হাতির দলটি আরশাদ আলী নামে অপর এক গ্রামবাসীর বাড়িতেও হামলা চালায়।
অপরদিকে বন্যহাতির দল গত মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলার নওকুচি বানাইপাড়া গ্রামের দুই আদিবাসী পরিবারের বসতঘর গুঁড়িয়ে দেয়। গ্রামবাসীরা জানায়, বন্যহাতির দল ঘটনার রাতে খাদ্যের সন্ধানে রমেন চন্দ্র কোচ ও মালতী কোচের বাড়িতে আক্রমণ করে। বন্যহাতির দল মাটির দুটি দেয়ালঘর তছনছ করে গুঁড়িয়ে দেয়। এ সময় মাটির দেয়ালে চাপা পড়ে ওই আদিবাসী পরিবারের দুজন আহত হয়।
