এক লোক প্রতি ভোরবেলা ঘুম থেকে উঠে তার ঘোড়াটিকে টানতে টানতে খাবারের দিকে নিয়ে যেতেন। তারপর খাওয়ার পাত্রে ছোলা দিয়ে টিন বাজিয়ে ঘোড়াটির দৃষ্টি আকর্ষণ করতেন। এমনকি ঘোড়ার পিঠে চড়ে কোথাও গেলেও তিনি ডানে-বাঁয়ে ঘোড়াটিকে যেতে না বলে প্রতিবার ঘোড়ার পিঠ থেকে নেমে ঘোড়াটির মুখ ডানে বা বাঁয়ে ঘুড়িয়ে দিয়ে তারপর আবার ঘোড়ার পিঠে উঠে বসতেন। বেশ ক’বছর ধরে এই দৃশ্য দেখে শেষ পর্যন্ত একদিন তার প্রতিবেশী কৌতুহলী হয়ে জানতে চাইলেন, ‘সবাই যেখানে ঘোড়াকে খাবার দিয়ে মুখে তাদের ডাকেন বা কোথাও যেতে গেলে ঘোড়াকে ডানে-বাঁয়ে বলে নির্দেশনা দেন সেখানে আপনি কেন নিজেই এসব করতে যান। প্রশিক্ষণ দিলে ঘোড়া তো সহজেই এসব কথা বুঝতে পারে।’ উত্তরে ওই লোকটি বললেন, ‘তিন বছর আগে এই বদমাশ ঘোড়াটা একবার আমাকে পিঠ থেকে ফেলে দিয়েছিল। আর সেই থেকেই আমি ওর সাথে কথা বলা বন্ধ রেখেছি!’
এক দরজি তার ছেলেকে নিয়ে বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। পথে তার দোকানেরই এক নিয়মিত কাস্টমারের সঙ্গে দেখা হলো—
কাস্টমার :কী ভাই, আপনার ছেলে না কি এটা?
দরজি :জ্বি ভাই, এটা আমার ছোট ছেলে।
কাস্টমার :ও তাই নাকি? বড় ছেলেটা কত বড়?
দরজি : ইতো ভাই এটার চাইতে ৮ ইঞ্চি বড়!
সিনেমার একটি দৃশ্যের জন্য সাততলা বিল্ডিংয়ের উপর থেকে নিচের সুইমিং পুলে স্টান্টম্যানকে লাফ দিতে বললেন পরিচালক। কিন্তু লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে নিচের সুইমিং পুলের দিকে তাকিয়ে স্টান্টম্যান বললেন, ‘সে কী? সুইমিং পুলে তো মাত্র এক ফুট পানি। এখান থেকে এই পুলে লাফ দিলে তো আমি নির্ঘাত হাত-পা ভাঙব!’
‘কিন্তু এর চেয়ে বেশি পানি দিলে তুমি যদি ডুবে যাও সেই ভয়েই তো আমি পানি কমালাম!’ উত্তর দিলেন পরিচালক।
