সময় যতো গড়াচ্ছে একে একে সবগুলো ট্রফিই হাতছাড়া হয়ে যাচ্ছে চেলসির। এইতো গত বুধবারই হেরে বসলো ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে। এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী দল হয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে নতুন ইতিহাস গড়ে চেলসি। এর কিছুদিন পর ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ব্রাজিলিয়ান দল করিন্থিয়ান্সের কাছে হেরে বসে তারা। হতাশ চেলসি দলের লক্ষ্য এখন কোনভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ অবস্থান বজায় রেখে সামনের আসরে অংশ নেয়া; আর এর জন্য আজকের ম্যাচে ফিরে আসা ছাড়া আর কোন্ পথ খোলা নেই তাদের সামনে।
পয়েন্ট তালিকায় স্টোক সিটির অবস্থান দশম স্থানে। পয়েন্ট ২৯। তবে ব্রিটানিয়া স্টেডিয়ামে খেলতে নামার আগে নির্ভার থাকতে পারছেন না দলের স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজ। কারণ এবারের মৌসুমে নিজেদের মাঠে অনুষ্ঠিত ১০টি ম্যাচের মধ্যে একটিতেও হারেনি স্টোক সিটি। আর লিগে নিজেদের শেষ ম্যাচে গত ২ জানুয়ারি নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ১-০ গোলে হারে তারা।
এরপর এফএ কাপের ম্যাচে সাউদাম্পটন ইউনাইটেডকে ৫-১ গোলে বিধ্বস্ত করলেও ক্যাপিটাল ওয়ান কাপের প্রথম লেগের সেমিফাইনালে সোয়ানসি সিটির কাছে ২-০ গোলে হারের লজ্জায় ডুবতে হয় ব্লুজদের। এই ম্যাচটিও অনুষ্ঠিত হয় স্ট্যামফোর্ড স্টেডিয়ামে। নিজেদের মাঠে ফর্মের মধ্যে না থাকা চেলসির ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে বিপক্ষ দলের মাঠে।
এই মৌসুমে স্টোক সিটি দলের সেরা সাফল্য বক্সিং ডেতে শক্তিশালী দল লিভারপুলকে ৩-১ গোলে পরাজিত করা। এরপর ২৯ ডিসেম্বর সাউদাম্পন ইউনাইটেডের সাথে ৩-৩ গোলে ড্র করে তারা। এর দুদিন পরে বর্তমান চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারায় তাদের। এফএ কাপের তৃতীয় রাউন্ডে স্টোক সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচটি ০-০ গোলে ড্র হয়।
নিজেদের ফিরে পাওয়ার লড়াইয়ে মাঠে নামতে যাওয়া চেলসিকে স্বস্তি এনে দিতে পারে দুদলের রেকর্ড। গত ৩৭ বছরে চেলসির বিপক্ষে একবারও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি স্টোকদের। আর চেলসির জন্য আশার কথা হলো আজ দীর্ঘদিন পর দলের হয়ে মাঠে দেখা যেতে পারে ইনজুরি থেকে ফেরা রক্ষণভাগের খেলোয়াড় ও ইংলিশ তারকা জন টেরি। এমনটাই জানিয়েছেন দলের কোচ রাফায়েল বেনিতেজ। বেনিতেজ বলেন, ‘আশা করি কিছু সময়ের জন্য হলেও ম্যাচে দেখা যাবে টেরিকে। সে এখন দলের সাথে অনুশীলনের মধ্যেই আছি। আমরা তাকে খেলানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছি।’
বৃহস্পতিবার চেলসি অনূর্ধ্ব ২১ দলের হয়ে ফুলহ্যাম ইয়ংস্টার দলের বিপক্ষে এক ম্যাচে অংশ নেন টেরি। মাঠে নামতে পেরে টেরি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি ভালো বোধ করছি। মাঠে আমার ৩০ থেকে ৪৫ মিনিট খেলার কথা ছিল। এই সময়ের মধ্যে আমি কোন ব্যথা অনুভব করিনি। তাই ম্যাচে শেষ পর্যন্ত আমি ছিলাম।’
টেরি গত ১১ নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে লুইস সুয়ারেজের সাথে সংঘর্ষ হওয়ায় কনুইয়ে আঘাত পান টেরি। টেরি আরো বলেন, ‘দুই মাস মাঠের বাইরে বসে থাকা সত্যিই আমার জন্য কষ্টকর ছিল। এখন মাঠে ফিরতে পেরে আমি খুশি। মাঠের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট।’
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ অনুষ্ঠিত হবে আরো সাতটি ম্যাচ। ম্যাচগুলোতে মুখোমুখি হবে কুইন্স পার্ক রেঞ্জার্স-টটেনহ্যাম হটস্পার, অ্যাস্টন ভিলা-সাউদাম্পটন ইউনাইটেড, এভারটন-সোয়ানসি সিটি, ফুলহ্যাম-উইগ্যান অ্যাথলেটিক, নরউইচ সিটি-নিউক্যাসল ইউনাইটেড, রিডিং রয়্যালস-ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন।
আজকের ম্যাচ
কুইন্স পার্ক রেঞ্জার্স-টটেনহ্যাম হটস্পার
অ্যাস্টন ভিলা-সাউদাম্পটন ইউনাইটেড
এভারটন-সোয়ানসি সিটি
ফুলহ্যাম - উইগ্যান অ্যাথলেটিক
নরউইচ সিটি-নিউক্যাসল ইউনাইটেড
রিডিং রয়্যালস-ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন
স্টোক সিটি-চেলসি
স্যান্ডারল্যান্ড-ওয়েস্টহ্যাম ইউনাইটেড
