দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের।
নন্দীগ্রাম (বগুড়া) \ বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া-৪ আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আ. রাফি পান্না নন্দীগ্রামে গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। ১০ জানুয়ারি নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে তিনি দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি মহসিন আলী সরকার, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ওসমান গনি মাসুদ, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, মিজানুর রহমান, জেলা শ্রমিকদল নেতা কে এম হাবিব, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আ. হালিম প্রমুখ।
গাংনী(মেহেরপুর)\ মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট, বেড়, এলাঙ্গি, আড়পাড়া,চান্দামারী গ্রামের দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে । শুক্রবার সকালে মাস্তুল গ্রুপ অব কোং-এর সহযোগিতায় গাংনী উপজেলার শানঘাট হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিতরণ করা হয় । ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান সাবানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাস্তুল গ্রুপ অব কোম্পানির পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: হান্নান হোসেন, বিশেষ অতিথি ছিলেন, উক্ত কোম্পানির চেয়ারম্যান ও ডাকটিকিট পত্রিকার সম্পাদক বুরহান মাহমুদ।
কলাপাড়া (পটুয়াখালী) \ ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা নীলগঞ্জ শাখার উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা বাজারে অতিসম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে ২টি করে কম্বল, ১টি শাড়ি ও ১টি লুঙ্গি বিতরণ করেছেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশা আন্দোল নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, সেক্রেটারী ডাঃ আবুল কালাম আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈশ্বরদী (পাবনা) \ পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) পংকজ কুমার সাহা বুধবার রাতে ঈশ্বরদী জংশন স্টেশনে ভাসমান অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শীতার্তদের সারিবদ্ধ ভাবে বসিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় পাকশী রেলওয়ে বিভাগীয় দপ্তরের প্রকৌশলী-১ আল-ফাত্তাহ মোঃ মাসউদুর রহমান, বিভাগীয় প্রকৌশলী-২ আহমেদ হোসেন মাসুম, বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সফিকুর রহমান, স্টেশন সুপাঃ মুস্তাফিজুর রহমান, ঈশ্বরদী রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল শুক্রবার বেসরকারি সংস্থা আশা দিনাজপুর জেলার বিরল ও মঙ্গলপুর ব্রাঞ্চের উদ্যোগে বিরল ও সেতাবগঞ্জ এলাকার সুবিধাভোগী ২শ’ ৫০ জন দুুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিরল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম, আশা দিনাজপুর জেলা ম্যানেজার মীর আনিছুর ইসলাম, সেতাবগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক মোশাররফ হোসেন ও বিরল আঞ্চলিক ব্যবস্থাপক হোসেন আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোপালপুর(টাঙ্গাইল) \ মধুপুর উপজেলার পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণে এগিয়ে এলেন কয়েকজন গ্রামীণ নারী। এরা সবাই সিবিএসডিপি নামক একটি বেসরকারি সংস্থার গ্রাম সংগঠনের সদস্য। সিবিএসডিপির প্রকল্প ব্যবস্থাপক পল দিলীপ বিশ্বাস জানান, এসব গ্রামীণ নারীরা সংস্থার ইদিলপুর, ধরাটি এবং থানারবাইদ এলাকার স্বেচ্ছাসেবী। নিজেদের বাজার খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে দু’শ’ কম্বল ও গরম কাপড় কিনে ৬ গ্রামের দুইশতাধিক অসহায়, বিত্তহীন এবং বয়স্ক মানুষের বাড়ি বাড়ি গিয়ে তা বিতরণ করে। শীতবস্ত্র বিতরণে নেতৃত্ব দেন শিখা চিশিম, পান্না চাম্বু গং, নাজমা বেগম, জোসনা বেগম, শামসুন্নাহার বেগম প্রমুখ।
সদরপুর (ফরিদপুর) \ ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের হতদরিদ্র মুক্তিযোদ্ধা, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রদের মাঝে বৃহস্পতিবার ৭শ’ ১৩টি পরিবারের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন, ফরিদপুর-৪ আসন সংসদ সদস্যের পক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার ফকির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন।
চৌহালী (সিরাজগঞ্জ) \ একুশে টেলিভিশনের উদ্যোগে সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খাসধলাই আরআরকে দাখিল মাদ্রাসা মাঠে ইটিভির চেয়ারম্যান ও সিইও আব্দুস ছালাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১ হাজার কম্বল বিতরণ করেন। এ সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার অখিল পোদ্দার, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম মোকদম আলী, থানার ওসি ওমর ফারুখ, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবীব, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালী \ বৃহত্তর নোয়াখালীর সামাজিক সংগঠন ফেইস বুক গ্রুপ গ্রেটার নোয়াখালী পিপল (জিএনপি) গতকাল শুক্রবার ছিন্নমূল এতিম ও অসহায় শীতার্ত মানুষের মাঝে সাড়ে ৫ শ’ কম্বল বিতরণ করে। নোয়াখালী পৌরসভার দত্তের হাটের জামিয়া মাদানীয়া এতিমখানায় এতিমদের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ করেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ। এ সময় সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ আবদুস সাত্তার, এতিমখানার সভাপতি আলী আকবর সেলিম, স্থানীয় ওয়ার্ড কমিশনার তাজুল ইসলাম, জিএনপির মাকসুদুর রহমান মামুন, জুয়েল আহমেদ ও মোঃ কামরুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উলিপুর (কুড়িগ্রাম) \ কুড়িগ্রামের উলিপুরে রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ও বারিধারা জামে মসজিদ-এর উদ্যোগে ৬শ’ কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়। গতকাল শুক্রবার গোবিন্দ জীউ মন্দির প্রাঙ্গণে একজন দুস্থ মুক্তিযোদ্ধার হাতে জ্যাকেট তুলে দিয়ে বিতরণ উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব ঢাকা নর্থ-এর রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক রোটারিয়ান ড.এম এ ওয়াদুদ সরকার।
