আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি গত ৯ বছর। এরই মধ্যে মহাজোট গঠনের সুবাদে ২০০১ সালের নির্বাচনে পীরগঞ্জের এই সংসদীয় আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে চলে যায় মহাজোটের শরীক জাতীয় পার্টির (এ) ঘরে। ফলে পার্টি ক্ষমতায় থাকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে কর্মীরা সাংগঠনিক কার্যক্রমে ঝিমিয়ে পড়ে। দলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ ইমদাদুল হক সভাপতির দায়িত্ব সিনিয়র সহ-সভাপতি মুনিরুদ্দিন আহম্মেদের হাতে অর্পণ করে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর উপজেলা ও পৌরসভা নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীরা যথাক্রমে জাতীয় পার্টি ও বিএনপি প্রার্থীর নিকট পরাজয় বরণ করেন। এ অবস্থায় দলের কাউন্সিল করার জন্য তৃণমূল পর্যায় থেকে দাবি উঠতে থাকে। বিভিন্ন সময়ে ৩/৪ দফা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও ঠাকুরগাঁও জেলার একমাত্র মন্ত্রী রমেশ চন্দ্র সেন সম্মেলনে উপস্থিত থাকতে না পারার অজুহাতে বার বার সম্মেলনের তারিখ পেছানো হয়। সমপ্রতি পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেন। সে মোতাবেক সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এদিকে উপজেলা সম্মেলন অনুষ্ঠানের পূর্বে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনকে ঘিরে চলছে নতুন হিসাব-নিকাশ। যতদূর জানা যায়, বর্তমান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুদ্দিন আহাম্মদ গত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে দলের মনোনয়ন পেয়েও জাতীয় পার্টির সম্পাদক মোঃ ইসাহাক আলীর নিকট পরাজিত হওয়ায় সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। ফলে পূর্ববতী সম্মেলনে নির্বাচিত সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমদাদুল হক পুনরায় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আসতে পারেন। এছাড়াও সাবেক সাংসদের ছোটভাই সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হকও সভাপতি পদে আসতে পারেন। সাধারণ সম্পাদক পদের জন্য কমপক্ষে ৫ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। এরা হলেন: বর্তমান সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র কশিরুল আলম, বর্তমান যুগ্ম সম্পাদক ও পীরগঞ্জ ইউপির চেয়ারম্যান আক্তারুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ও উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান আলী সরকার। জানা যায় বর্তমান সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার সাবেক সাংসদ ও জেলা আওয়মী লীগ নেতা মোঃ ইমদাদুল হকের আশীর্বাদপুষ্ট হলেও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী আশরাফ আলী বাদশার নিকট পরাজিত হন। ফলে অনেকে তার চেয়ে বেশি গ্রহণযোগ্য নতুন মুখ খুঁজছেন। এ সুযোগে সাবেক পৌর মেয়র মোঃ কশিরুল আলম ও দু’দফায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুল ইসলাম তাদের গ্রহণযোগ্যতাকে কাজে লাগাতে চাচ্ছেন। এছাড়া মোঃ রেজওয়ানুল হক বিপ্লবও সম্ভবত একজন প্রার্থী।
