সাতক্ষীরায় বিজিবি’র গুলিতে আহত চোরাচালানী জিয়ারুল ইসলাম সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা গেছে। ওই দিন সন্ধ্যায় কলারোয়া উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ভাদিয়ালী গ্রামের রাজ্জাকের মোড় এলাকায় চোরচালানী মালামাল আটক করাকে কেন্দ করে বিজিবি ও চোরাচালানীদের মধ্যে এক সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে সে আহত হয়।
নিহত চোরাচালানী জিয়ারুল ইসলাম ওরফে জিয়ার (৩২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বোয়ালীয়া গ্রামের লুত্ফার রহমানের ছেলে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু বাছির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরাচালানীরা নায়েক সুবেদার এরশাদকে কুপিয়ে জখম করার পর অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে বিজিবি চোরাচালানীদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে জিয়ারুল নামের এক চোরাচালানী গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতে মারা যায়।
