গোপালগঞ্জে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক রশিদ মিয়া (২৯) নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরায় এ ঘটনা ঘটে। নিহত রশিদ মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার মো. বটন মিয়ার ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) কাজী মতিয়ার রহমান জানান, সদর উপজেলার ঘোনাপাড়া থেকে গোপালগঞ্জ শহরে আসার পথে গোবরায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। চালক রশিদ ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগঞ্জের বিশমাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রংপুরগামী নৈশকোচ হানিফ পরিবহন পীরগঞ্জের বিশমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি হানিফ পরিবহনের সাথে ধাক্কা লাগলে হানিফ পরিবহনের ডানপাশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ২০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৮ জনকে মিঠাপুকুর ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার ব্রিজের কাছে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাঁকখালী নদীতে পড়ে ১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুর্ঘটনার পর সেনাবাহিনী রাত সোয়া ১১টায় গাড়িসহ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত পিকআপের মালিক সাহাবউদ্দিন (৩০) এবং আহত ব্যক্তি গাড়ির হেলপার মামুন।
