নাটোরের গুরুদাসপুর উপজেলায় প্রচণ্ড শীতে বাড়ছে শিশু ডায়রিয়া। ডায়রিয়া আক্রান্ত শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন এসব শিশুর পরিবার। গত একবছরে ৪৩২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৪০০ জনই শিশু। চলতি বছরের ৭ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জন। তার মধ্যে ১৭ জন শিশু। গত বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা গেছে উপজেলার মশিন্দা গ্রাম থেকে আসা ১০ মাসের শিশু শিশিরকে তার মা শিউলী, বিলশা গ্রামের ৬ মাসের শিশু মোহাম্মদকে তার মা শ্যামলী, কচুগাড়ী গ্রাম থেকে আসা শিশু শিমুলকে তার মা শাপলা বুকে জড়িয়ে হাসপাতালের বেডে বসে সন্তানকে উষ্ণতা দিচ্ছেন। ডা. মুস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে শিশু চিকিত্সার জন্য পৃথক কোন ওয়ার্ড চালু নেই। সাধ্যমত শিশুদের চিকিত্সা দেয়া ছাড়া কোন উপায় নেই।
