চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে অস্ত্রসহ সাত সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৭ ঘণ্টার এ অভিযানে এলাকায় একটি অস্ত্র কারখানারও সন্ধান পেয়েছে র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল করিম। র্যাব ৭ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি মফিজুল ইসলাম ইত্তেফাককে জানান, আটক সন্ত্রাসীদের কাছ থেকে একটি রিভলবার,একটি একনলা বন্দুক, ৭টি এলজিসহ ৯টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড কার্তুজ এবং চাকু, রামদাসহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া কারখানা থেকে অস্ত্র তৈরির কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়।
