চট্টগ্রাম-১২ উপ-নির্বাচনে অংশ নিতে পারছেন না জালালউদ্দিন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:৩০
চট্টগ্রাম-১২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জালালউদ্দিন আহমেদ চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনের (ইসি) আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এ আদেশের ফলে জালালউদ্দিন নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান। মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে গত ৭ জানুয়ারি হাইকোর্ট ইসির সিদ্ধান্ত স্থগিত করে জালালউদ্দিনকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেয়। হাইকোর্টের এ নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ইসি। বৃহস্পতিবার উক্ত আবেদনের পক্ষে এমকে রহমান ও জালালের পক্ষে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ আবেদনটি নিষ্পত্তি করে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।