ডাচ কোচদের সাথে বাফুফের আনুষ্ঠানিক চুক্তি আজ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০১
সব কিছু ঠিকঠাক থাকলে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টারের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তি হবে আজ। ডাচ কোচদের সাথে গত চারদিন বাফুফের দফায়-দফায় বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়ানোয় আনুষ্ঠানিক চুক্তি হতে যাচ্ছে। চুক্তির ব্যাপারে সরাসরি কিছু না বলে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন গতকাল সাংবাদিকদের শুধু বলেন,‘আশাকরি হচ্ছে।’ যদি চুক্তি হয় সেটা হবে দুই বছরের জন্য। চুক্তি হলেও জাতীয় দলের সম্ভাব্য কোচ ক্রুইফ এবং একাডেমির কোচ রেনে কোস্টার তাদের দেশে দুটি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ বলে সেখান থেকে ছাড়পত্র নিয়ে ঢাকায় আসবেন। চুক্তিতে সেটাও উল্লেখ থাকবে বলে জানা গেছে। প্রথম জনের চুক্তি আরো এক বছর। আর দ্বিতীয় জনের চুক্তি জুলাই পর্যন্ত। বাংলাদেশে কাজ শুরু করলেও এই দুই কোচের পেছনে কত টাকা পারিশ্রমিক গুনতে হবে সেটা এখনও পরিষ্কার করে বলেননি ডাচদ্বয় কিংবা বাফুফের কর্মকর্তারা। কারণ দুই পক্ষই মনে করছেন এটি প্রকাশ করার মতো কিছু না। তবে বাফুফের কর্মকর্তাদের সাথে আলোচনায় মনে হচ্ছে বড় অংকের টাকা দিতে হচ্ছে। পারিশ্রমিক যেটাই হোক না কেন ডাচ কোচরা পেশাদার। তাই তাদের বাসা কোথায় হবে, বাড়িতে কাজের লোক কারা হবে, গাড়ির ড্রাইভার কে হবে, ছোটখাটো সবই আলোচনা হয়েছে। এ কারণে বেতনের চেয়ে অন্যান্য খরচ অনেক বেশি হতে যাচ্ছে। ডাচ কোচরা গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল এবং শেখ জামালের ম্যাচটি দেখেছেন। ম্যাচের আগে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ জামালের নাইজেরিয়ান কোচ জোসেফ আপুসি এবং রাসেলের কোচ মারুফুল হকের সাথে পৃথক পৃথক ভাবে কথা বলেন। খেলোয়াড় তালিকা হাতে নিয়ে তিনি কলম ঘষে মার্ক করেছেন কাদের উপর চোখ রাখতে হবে। খেলা শুরু হওয়ার আগে মিডিয়ার সাথে আলোচনা হয় দুই কোচের। কিন্তু সেটা শুধুই সৌজন্য রক্ষার খাতিরে। কথা বলতে গেলেই তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা বলে এড়িয়ে গেছেন।