গণধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনপূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, দেশব্যাপী গণধর্ষণ ও ধর্ষণশেষে নারী হত্যা, অপহরণ ও নারীর প্রতি সহিংসতা যেভাবে বেড়ে চলেছে তাতে সমগ্র জাতি স্তম্ভিত। এই নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিবেককে জাগ্রত করতে হবে।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। যখন যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের জন্য সারা জাতি অপেক্ষা করছে তখনই ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। তাই আসুন আমরা ধর্ষকদেরকে সামাজিকভাবে বয়কট করি। এছাড়া ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন ও অভিযুক্তদের ফাঁসির দণ্ড নিশ্চিতকরণে প্রয়োজনীয় আইন পাস করার জন্য প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহবান জানান বক্তারা। কর্মসূচি হতে বিগত বছর নারীর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে ৭৭১ জন নারী ধর্ষণ ও ১৫৭ জন গণধর্ষষের শিকার হয়েছেন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১০৬ জনকে। বক্তারা বলেন, এসব ঘটনার পরেও সরকারের টনক নড়েনি, বরং প্রয়োজনীয় আইন প্রয়োগের অভাবেই মানবাধিকার পরিস্থিতি ক্রমান্বয়ে হুমকির মুখে পড়েছে। দ্রুত এই অবস্থার উত্তরণ দরকার।
সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফেরামের সভাপতি এডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট মো. বশিরউদ্দিন, এডভোকেট মো. মোশাররফ হোসেন, এডভোকেট শিখা বিশ্বাস যুথী, এডভোকেট রাফিজা আলম লাকী প্রমুখ আইনজীবী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
