প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শীতার্ত দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রায় সাড়ে চার হাজার শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল, শাল, চাদর, বিছানার চাদর ও সোয়েটার। এ সময় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী ১৯শ’ কম্বল, ১২শ’ চাদর, ২ হাজার শাল ও কিছু সোয়েটার বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ ীয় কমিটির সদস্য আব্দুর রহমান এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলমসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
