প্রধানমন্ত্রীর হাতে মোগল শাসকদের চেয়ে বেশি ক্ষমতা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী তার হাতে সকল ক্ষমতা কুক্ষিগত করেছেন। তার হাতে এখন মোগল শাসকদের চেয়ে বেশি ক্ষমতা। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর হাতের পুতুল। তার অনুমতি ছাড়া কিছু করলে তাদের পদ যাবে। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল শুক্রবার ‘১/১১ সংকট ও জাতির প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের দুর্ভাগ্য যে, আমাদের প্রধানমন্ত্রী কাউকে সম্মান দিতে জানেন না। তিনি কোনো প্রতিষ্ঠান থাকতে দিবেন না। মহামতি এরিস্টটল বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সম্মানিত লোকদের চরিত্র হননই যথেষ্ট। প্রধানমন্ত্রী সে পথে এগিয়ে চলেছেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফের সভাপতিত্বে গোলটেবিলে বিরোধীদলীয় এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, নিলোফার চৌধুরী মনি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবদুর রবসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।