মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশার কারণে ১০ ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০ টায় চালু হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে এই সার্ভিস বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এই সার্ভিস বন্ধ থাকায় নানা বিড়ম্বনার সৃষ্টি হয়। দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে দু’পাড়ে আটকা পড়ে নাইটকোচসহ সাড়ে ৩শ’ যান। ফেরি সচল হওয়ার পরও যান জট রয়েছে উভয় পাড়ে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, ঘন কুয়াশায় কাছের কিছুই দেখা যাচ্ছিল না। এমনকি নৌ পথের বিকন বাতি ও মার্কিং পয়েন্টও দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। তবে কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ১০টা থেকে ফেরি আবার স্বাভাবিকভাবে চলছে।
পাটুরিয়ায় আবার ৮ ঘন্টা
ফেরি চলাচল বন্ধ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে আবারো শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় যাত্রীবাহী কোচ মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ যাত্রী নিয়ে ৮টি ফেরি পদ্মা নদীর মাঝে নোঙ্গর করে থাকতে বাধ্য হয়েছে। ফেরি পারাপার হতে আসা যানবাহন দুই ঘাটে এসে আটকে পড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। হিমেল হাওয়া এবং কুয়াশায় ঢাকা শীতের মধ্যে মাঝ নদীতে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পাটুরিয়া ঘাটে ৩টি ফেরি শাহ আলী, শাহ পরান ও কুমারী নোঙ্গর করে থাকতে বাধ্য হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পাটুরিয়া ঘাটে ৫ কিলোমিটার এবং দৌলতদিয়া ঘাটে ৩ কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে।
