কুমিল্লায় চালক হত্যার ঘটনায় মাইক্রোবাস উদ্ধার, আটক ৩

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
মাইক্রোবাস ছিনতাই করতে ফেনীর আবুল কালাম নামের এক চালককে কুমিল্লায় খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় নিহতের পুত্রের দায়ের করা মামলায় এই অভিযোগ করা হয়েছে। গত বুধবার ফেনী শহর থেকে মাইক্রোবাস ভাড়া করে কুমিল্লা ক্যান্টনমেন্টের সন্নিকটে যাওয়ার পথে দুর্বৃত্তরা রাতে ওই মাইক্রোবাস চালককে খুন করলে পুলিশ বৃহস্পতিবার কুমিল্লার জগন্নাথপুর এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার দুপুরে লাশ নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ছিনতাইকৃত মাইক্রোবাস উদ্ধারসহ ৩ জনকে ডিএমপির গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আইয়ুব। বুধবার বিকালে ফেনী কারাগার সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ড হতে যাত্রীবেশে ৪ জন কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় যাওয়ার কথা বলে চালক আবুল কালামের মাইক্রোবাস ভাড়া করে। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী সামছুন নাহার ও স্বজনরা আবুল কালামের মোবাইলে ফোন করলে তা বন্ধ পায়। বৃহস্পতিবার সকালে কুমিল্লা কোতোয়ালী পুলিশ সদর উপজেলার জগন্নাথপুরে অজ্ঞাতনামা (৪৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পুত্র জালালউদ্দিন বৃহস্পতিবার রাতে থানায় নিহতের ছবি দেখে লাশ তার পিতার বলে শনাক্ত করে এবং অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। নিহত মাইক্রোবাস চালক আবুল কালাম ফেনীর বারাইপুর গ্রামের মৃত সামছুল হকের পুত্র।