জাতীয় ও আন্তর্জাতিকভাবে বহুল আলোচিত ফেনীর সাংবাদিক টিপু সুলতান নির্যাতন মামলাটি রাজনৈতিক হয়রানীমূলক হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। মামলাটি প্রত্যাহারের চিঠি গত ১৮ নভেম্বর ফেনী জেলা প্রশাসকের দফতরে এসে পৌঁছলেও এ ব্যাপারে কঠিন গোপনীয়তার কারণে তা প্রকাশ পায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এই চিঠির কথা গত বৃহস্পতিবার জানাজানি হলে ফেনীর স্থানীয় সাংবাদিকরা চরম ক্ষুব্ধ হন। এ সিদ্ধান্তের প্রতিবাদে ফেনী প্রেসক্লাব তাত্ক্ষণিকভাবে আলোচনা করে কিছু কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ফেনীর রাজনৈতিক হয়রানীমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত যাচাই বাছাই কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট হাফেজ আহাম্মদ বলেন, কমিটি মনে করেছে—মামলাটিতে বাদি প্রকৃত দোষীদের আসামি করেনি। যারা আসামি তাদেরকে রাজনৈতিক হয়রানীর উদ্দেশে আসামি করা হয়েছে। সেই বিবেচনায় যাচাই-বাছাই কমিটি সর্বসম্মতভাবে রাজনৈতিক হয়রানীমূলক মামলা হিসাবে প্রত্যাহরের জন্য ১০৯টি মামলার তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যাহারের অনুরোধপত্র প্রাপ্তির কথা স্বীকার করে তিনি বলেন, ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট না থাকায় পত্রটি এখনও আদালতে উপস্থাপন করা হয়নি। তবে প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণ আদালতের এখতিয়ার।
