আন্দোলনরত নন-এমপিও শিক্ষকরা গতকাল শুক্রবারও আমরণ অনশন কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু পুলিশের বাধায় শহীদ মিনারের কর্মসূচি পণ্ড হয়। শিক্ষকরা কোনভাবেই জড়ো হতে পারেননি।
পরে দুপুরে তারা সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। এই দাবিতে গত পাঁচ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকরা। দুদিন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু সাংবাদিকদের জানিয়েছেন, সকাল থেকে শিক্ষকরা শহীদ মিনার এলাকায় জড়ো হলেও পুলিশ আমাদের অনশনে বসতে দেয়নি। পরে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে এসে শিক্ষকরা অনশন শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না বলেও তারা ঘোষণা দিয়েছেন।
নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত সোমবার থেকে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন শুরু করেন। এর আগে বৃহস্পতিবারও কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অনশনে বাধা দেয় পুলিশ। এরপরও তারা সেখানে অনশনে বসলে পিপার স্প্রে নিক্ষেপ করে শিক্ষকদের সরিয়ে দেয়া হয়।
