শেয়ারবাজারের সূচক পতনের ধারা থামছে না। গত সপ্তায় বেশিরভাগ কার্যদিবসে শেয়ারবাজারের সূচক কমেছে। ফলে সপ্তাহশেষে উভয় শেয়ারবাজারের সূচক আগের সপ্তাহের তুলনায় কমেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসই’র সাধারণ সূচক কমেছে ২৭ দশমিক ৮৯ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ৩০ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ৪৩৯ টাকা বা ৪ দশমিক ৪২ শতাংশ। একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৪৪ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ৫ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৩১৭ টাকা। গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসে ডিএসই ও সিএসই’র সূচক কমার সঙ্গে সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম।
তথ্যে দেখা গেছে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন শুরুর সময় ডিএসই’র সাধারণ সূচক ছিল ৪ হাজার ১৬০ দশমিক ৮৮ পয়েন্ট। সপ্তাহশেষে বৃহস্পতিবার সূচক দাঁড়ায় ৪ হাজার ১৩২ দশমিক ৯৯ পয়েন্টে। অর্থাত্ এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ২৭ দশমিক ৮৯ পয়েন্ট বা ০ দশমিক ৬৭ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। এসময় লেনদেন হয়েছে মোট ৭১৮ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার ৭৮৫ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৮৮ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৩৪৬ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২০৬টির ও অপরিবর্তিত ছিল ১১টির দাম। কোনো লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছিল মাত্র ৯১টির, কমেছিল ১৭৯টির ও অপরিবর্তিত ছিল ১২টির দাম। কোনো লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ারের দাম।
তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে বেড়েছে শেয়ার হাত বদলের পরিমাণ। গত সপ্তায় ডিএসইতে মোট ২৩ কোটি ৭১ লাখ ৯৬ হাজার ১৯৩টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে আগের সপ্তাহে হাত বদলের পরিমাণ ছিল ২১ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার ৬৭৮টি। সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন বেড়েছে ৯ দশমিক ০৬ শতাংশ।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানি হলো- ফার্স্ব লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আরএন স্পিনিং, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, সায়হাম কটন মিল, ইউনাইটেড এয়ার, স্ট্যান্ডার্ড সিরামিকস, লিবরা ইনফিউশন এবং রেনউইক যজ্ঞেশ্বর।
সপ্তাহশেষে দাম কমার ভিত্তিতে ডিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো-সমরিতা হাসপাতাল, ওরিয়ন ইনফিউশন, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাভার রিফ্রোক্টরিজ, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পূরবী জেনারেল ইন্সুরেন্স এবং গ্রামীণ মিউচুয়াল ওয়ান।
