ই-কমার্সের জন্য সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনপিএস)। ইতোমধ্যে এনপিএস চালু হয়েছে, এখন সবার অংশগ্রহণের মাধ্যমে এনপিএসের বিভিন্ন বিষয় নিয়ে আরও কাজ করতে হবে। গত বুধবার সপ্তাহব্যাপী ‘ই-কমার্স সপ্তাহ-২০১৩’ (www.ecommerceweek.org)-এর অংশ হিসেবে ঢাকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) মিলনায়তনে ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ অ্যান্ড নিউ অপরচুনিটি ফর ই-কমার্স’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বেসিস এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে চলতে থাকা ই-কমার্স সপ্তাহের পঞ্চম দিনে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান। বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের পরামর্শক আনীর চৌধুরী, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, যুগ্ম সম্পাদক দেব দুলালসহ অনেকে। বৈঠকটি সঞ্চালনা করেন বেসিসের সভাপতি একেএম ফাহিম মাশরুর। বৈঠকে এনপিএস বিষয়ে কারিগরি উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট হিমাদ্রি শেখর। এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকালিন্ট মিলনায়তনে আনুষ্ঠিত ‘ই-কমার্স:নিউ ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ পসিবলিটিস’ শীর্ষক সেমিনারে বক্তারা ই-কমার্সকে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরির সুযোগ হিসেবে অভিহিত করেন। এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এসএসএলের কমার্সের জেনারেল ম্যানেজার আনিসুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম বলেন, ই-কমার্সের মাধ্যমে বর্তমানে দারুণ কিছু করা সম্ভব। নতুন উদ্যোক্তা হিসেবেও অনেকেই ই-কমার্স নিয়ে এগিয়ে যেতে পারেন।
