সন্ত্রাস দমনে ব্যতিক্রমী উদ্যোগ

ভাঙ্গুড়ায় লাঠি বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২১:০২
সন্ত্রাসীদের প্রতিরোধে গ্রামবাসীর হাতে এক হাজার লাঠি তুলে দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মধু। শুক্রবার ঐ ইউনিয়নের হাটগ্রাম ও মধুরগাঁতি গ্রামের বামনজী বিল পাড়ে আয়োজন করা হয় লাঠি বিতরণ অনুষ্ঠান। দুই গ্রামের কয়েক হাজার লোক এতে যোগ দেয়। এদের মধ্যে এক হাজার যুবকের হাতে আনুষ্ঠানিকভাবে রঙিন লাঠি তুলে দেন চেয়ারম্যান মধু। উপজেলার মধুরগাঁতি ও হাটগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের তাণ্ডবের শিকার হচ্ছে। সচ্ছল কৃষকের কাছে চাঁদা দাবি, পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নেয়া, ক্ষেতের ফসল কেটে নেয়া, অপহরণ করে মুক্তিপণ দাবি প্রভৃতি কারণে এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কয়েক হাজার লোকের সমাবেশে আবু বক্কারের সভাপতিত্বে সন্ত্রাসবিরোধী রেজুলেশন পাঠ করেন হাটগ্রামের আসলাম হোসেন। সমাবেশে গ্রামবাসীর প্রত্যেকের ঘরে লাঠির সাথে ফলা,হাঁসুয়া,রামদাসহ দেশীয় অস্ত্র সংরক্ষণের অনুমোদন দেয়া হয়।