কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাাদুরপুর বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবনসহ অন্তত ১২জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে বাহাদুরপুর বাজারে এ সংঘর্ষ হয়।
দীর্ঘদিন ধরে এখানে উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন ও বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার পারভেজ হাসান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। চেয়ারম্যান সোহেল রানা পবন বাহাদুরপুর বাজারে গেলে হাসান গ্রুপের লোকজন হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে বেধড়ক মারপিট শুরু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় ইউপি আওয়ামী লীগের সভাপতি ডা. হাফিজুল ইসলাম, মুক্তার মাস্টারসহ দুই গ্রুপের অন্তত ১২ জন। ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, তার ছোট ভাই পিপুল এবং ফুপাতো ভাই মিঠুকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে পবন মিঠু ও পিপুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কুচিয়ামোড়া ক্যাম্প ইনচার্জ এস আই নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
