সার্কুলার রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি স্বাক্ষর

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২১:৩৬

রাজধানী ঢাকার যানজট নিরসনে চক্রাকার রেল সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সমীক্ষা পরিচালনার জন্য ৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার দুপুরে রেলভবনে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে কাজ করছে চায়না রেলওয়ে সিয়্যুয়ান সার্ভে এ্যান্ড ডিজাইন গ্রুপ কো. লিমিটেড, এবং বাংলাদেশি প্রতিষ্ঠান বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড এবং ইঞ্জিনিয়ার্স এ্যান্ড এ্যাডভাইজারস লিমিটেড। 

চুক্তি অনুযায়ী ফার্ম সম্ভাব্য রুট নির্ধারণ করবে। এই সার্কুলার রেল লাইনের মাধ্যমে সহজেই ঢাকা শহরে প্রবেশ এবং বের হওয়া যাবে। যাত্রীরা প্রধান শহরে না ঢুকেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে। সার্কুলার রেল নির্মাণ একটি বড় প্রকল্প এবং এটি নির্মাণে বৈদেশিক সহায়তার প্রয়োজন হবে। সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম সরকারি অর্থায়নে হচ্ছে। চুক্তি মূল্য ২৪ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। ১২ মাসের মধ্যে ফার্ম তাদের নির্ধারিত কাজ শেষ করবে।
 
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ সময় বলেন, বর্তমান সরকার রেলখাতকে অধিক গুরুত্ব দিয়ে প্রকল্প তৈরি ও বাস্তবায়ন করছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অনেক প্রকল্প চলমান আছে। দেশের রেলখাতকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার কাজ করছে। এ সময় তিনি অনেকগুলো প্রকল্পের নাম উল্লেখ করেন। 

আরো পড়ুন: মির্জা ফখরুলের বগুড়া-৬ শূন্য ঘোষণা

মন্ত্রী বলেন, ঢাকা শহরের যাত্রীরা এই রুট ব্যবহার করে দ্রুত তাদের গন্তব্যে পৌঁছবে। ফলে যানজট অনেকটা কমে যাবে। এছাড়া ঢাকা-টঙ্গী ৩য় এবং ৪র্থ লাইন নির্মিত হলে যাত্রীরা দ্রুত ঢাকায় ঢুকতে এবং বের হতে পারবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক কাজী রফিকুল আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় এবং বাংলাওদেশ রেলওয়ের কর্মকর্তা কর্তচারীরা। 

ইত্তেফাক/এমআই