অনীল তঞ্চঙ্গ্যাকে উদ্ধারের দাবিতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২১:২৪
এক বছর আগে কাপ্তাই থেকে অস্ত্রের মুখে অপহূত রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইউপি চেয়ারম্যান অনীল চন্দ্র তঞ্চঙ্গ্যার সন্ধান ও উদ্ধারের দাবিতে রাস্তায় নেমেছে তার পরিবার। অপহূত হওয়ার এক বছর পূর্ণ হওয়ার দিন গত বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা সদর বরইছড়িতে মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ। মানববন্ধন কর্মসূচিতে অপহূত অনীল তঞ্চঙ্গ্যার স্ত্রী শান্তনা তঞ্চঙ্গ্যা অভিযোগ করেন, নিজ দলের প্রতিহিংসার শিকার হয়ে অনীল তঞ্চঙ্গ্যা অপহূত হয়েছেন। অনীল তঞ্চঙ্গ্যা অপহরণের জন্য শান্তনা চাকমা রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্যসহ রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বকে দায়ী করেছেন। অনীল তঞ্চঙ্গ্যার সন্ধান পেতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।