নওগাঁ-রাজশাহী সড়কের মান্দায় গতকাল শনিবার রবিদাস মরমু (৩৫) ও বিশ্বনাথ মরমু (৪০) নামে দুই সহোদর নিহত হয়েছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ধামুরহাট উপজেলার চকভবানী গ্রামের অসুস্থ রবিদাসকে নিয়ে তারা রাজশাহী মেডিক্যালে যাচ্ছিল। তাদের মাইক্রো ওই সড়কের জলছত্র এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বাসের (বগুড়া-ব-৪২৭৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রবিদাস ও তার বড় ভাই বিশ্বনাথ নিহত হন। রবিদাসের স্ত্রী পারভিন দাস (৩০), বিশ্বনাথের স্ত্রী মাকলু মরমু (৩২), রবিদাসের চাচাত ভাই জার্মান (৩০) এবং প্রতিবেশী গোলজার ও রুবেল মারাত্মক আহত হয়েছে।
ঘটনার পর স্থানীয় জনতা একঘণ্টা নওগাঁ-রাজশাহী সড়ক অবরোধ করে রাখে। পুলিশ দ্রুতি পরিবহনের বাসটি আটক করলেও বাস চালক ও হেলপারকে আটক করতে পারেনি।
