ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ শান্তিনিকেতনের শিল্প-ইতিহাস বিভাগের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক রমন শিবকুমারকে বিশেষ সম্মাননা প্রদান করেছে।
শনিবার অনুষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অধ্যাপক রমন শিবকুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভীর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বিশেষ অতিথি ছিলেন। শিল্পী মঈনুদ্দীন খালেদ সাইটেশন পাঠ করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিল্পী অধ্যাপক রমন শিবকুমারকে সম্মাননা প্রদান করায় সংশ্লি¬ষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার জাতীয় শিক্ষানীতিতে শিল্পকলা শিক্ষাকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করেছে। তিনি বলেন, শিল্পকলা শিক্ষাসহ সকল শিক্ষার মূল লক্ষ্য মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটানো। যে শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে না, সে শিক্ষাকে তিনি অর্থহীন হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, শিক্ষা ও মনুষ্যত্বের পারস্পরিক দ্বন্দ্বের কারণেই সমাজের শিক্ষিত লোকেরা দুর্নীতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি শিক্ষাকে মনুষ্যত্ব বিকাশের একমাত্র হাতিয়ার হিসাবে গ্রহণ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
