জেলার চারটি নদীর উপর চলাচলকারী ফেরিগুলো গতকাল শনিবার বিপর্যয়ের সম্মুখীন হয়, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটে।
পিরোজপুর-চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের কঁচানদীর টগড়া-চরখালী ফেরিটি শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত ১৩ ঘন্টা বিকল ছিল। খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কঁচানদীর বেকুটিয়া ফেরির বেকুটিয়া প্রান্তের গ্যাংওয়ে মেরামতের জন্য ভারি যানবাহন চলাচল বন্ধ থাকে। কাউখালী-স্বরূপকাঠি সড়কের সন্ধ্যানদীর আমড়াঝুড়ি ফেরি বিকল হয়ে দীর্ঘক্ষণ নদীবক্ষে ভেসে বেড়ায়। পিরোজপুর-জিয়ানগর-বালিপাড়া-চন্ডীপুর সড়কের বলেশ্বর ফেরি বিনষ্ট থাকে। এর ফলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। পিরোজপুর-ভাণ্ডারিয়া রুট এবং পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস, টেম্পো, মোটরসাইকেল ইত্যাদিতে অতিরিক্ত ভাড়া গুনে যাতায়াত করতে হয়। অন্যদিকে বেকুটিয়া ফেরি সিডিউল টাইমের ৩০ মিনিট দেরিতে চলাচল করে। এখানে মালবাহী ট্রাক ফেরিঘাটের দুই পাড়ে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এ ব্যাপারে পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাওয়া হলে তিনি ‘কিছুই জানেন না’ বলেন।
