প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্ত ৪২ জনের ঠাঁই হল আশ্রয়কেন্দ্রে

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২২:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতে কষ্ট পাওয়া রাজধানীর অসহায় আশ্রয়হীন ৪২ জন অবশেষে সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেলেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে তাদের মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেয়া হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আশ্রয়হীনদের খুঁজে বের করতে রাজধানীকে ৫টি ভাগে ভাগ করে ৫টি টিম কাজ শুরু করে। শুক্রবার এর সঙ্গে আরো দুটি টিম যোগ হয়ে মোট ৭টি টিম এ উদ্ধার কাজ পরিচালনা করছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনা রাজধানীর বিভিন্ন এলাকায় শীতার্ত ছিন্নমূল মানুষদের সমাজকল্যাণ কেন্দ্রগুলোতে আশ্রয় দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যাদের রাজধানীতে বসবাসের কোনো জায়গা নেই, তাদের বিভিন্ন সরকারি আশ্রয় কেন্দ্রে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রতি ঘন্টায় বিষয়টি মনিটরিং করা হচ্ছে। এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকার রাজধানীসহ দেশের সর্বত্র ফুটপাত, রেল স্টেশনসহ খোলা স্থানে প্রচণ্ড শীতে কষ্ট পাওয়া মানুষদের আশ্রয় দেবার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয় সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে এসব অসহায় মানুষদের নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার থেকে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। আশ্রয়কেন্দ্রসমূহে শীতার্তদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে পরিসংখ্যানেরভিত্তিতে তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা নেয়া হবে।