ননএমপিও শিক্ষকদের আন্দোলন চলছে

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২২:০২
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ষষ্ঠ দিনের মতো গতকালও কর্মসূচি পালন করে। তবে পুলিশ গতকালও কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের কর্মসূচি পালন করতে দেয়নি । শিক্ষক-কর্মচারীরা বেলা ১১টার দিকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালনের জন্য জড়ো হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা শহীদ মিনারের বিপরীত দিকে সায়েন্স অ্যানেক্স ভবনের সামনের ফুটপাতে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। এর আগে গত শুক্রবারও কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের কর্মসূচি পালনে বাধা দেয় পুলিশ। পরে তারা সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে কর্মসূচি পালনের উদ্যোগ নিলে সেখান থেকেও পুলিশ তাদের সরিয়ে দেয়। ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলী সাংবাদিকদের জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের কর্মসূচি চলবে। দাবি আদায় করেই ঘরে ফিরবো। নিবন্ধনপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করাসহ চার দফা দাবিতে ৭ জানুয়ারি থেকে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। এদিকে শিক্ষকদের আন্দোলন থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। গতকাল তিনি একটি অনুষ্ঠানে বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে এখনি নন-এমপিওভুক্ত বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করা সম্ভব নয়। তবে এটি একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। পর্যায়ক্রমে নন-এমপিওভুক্ত বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করা হবে।