বাংলাদেশি প্রতিষ্ঠানে হামলায় দুই জন আহত

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২২:২১
মাত্র এক মাসের ব্যবধানে নিউইয়র্কের জাকসন হাইটসে আবারো জাতিগত হামলার শিকার হল বাংলাদেশি মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠান- হাটবাজার ও ইত্যাদি গ্রোসারি। স্প্যানিশ সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হয়েছেন হাটবাজারের কর্মচারি দুলাল এবং আরেক বাংলাদেশি পথচারি সোহাগ। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। একের পর এক জাতিগত হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) কর্মকর্তারা এ ব্যাপারে পুলিশ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। যুক্তরাষ্ট্রে বেসরকারি হিসাবে প্রায় ৫ লাখ বাংলাদেশির বসবাস। বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় দিন দিন বেড়ে চলেছে জাতিগত হামলা। একাধিক সূত্র জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি গ্রোসারির সামনের ফ্রুট স্টুপ থেকে ৭-৮ জনের একদল স্প্যানিশ সন্ত্রাসী ফল নিয়ে ছোঁড়াছুঁড়ি করতে থাকে। এসময় গ্রোসারির কর্মচারিরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের গালাগাল করে সেখান থেকে চলে গিয়ে কাছেই আরেক বাংলাদেশি প্রতিষ্ঠান হাটবাজার গ্রোসারির সামনে থেকে একইভাবে সাজিয়ে রাখা ফল নিয়ে রাস্তায় ছুঁড়ে মারতে থাকে। এসময় হাটবাজারের কর্মচারিরা তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাদের দিকে ফু্রট স্টুপ ছুঁড়ে মারে। এসময় সন্ত্রাসীরা হাটবাজারের কর্মচারি দুলালের মাথায় রড দিয়ে আঘাত করে। মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ক্ষতস্থানে ৮টি সেলাই দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় পাতাল রেল স্টেশনের কাছে বাংলাদেশি পথচারি সোহাগকে পেয়ে বেধড়ক মারপিট করে। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। এর আগে গত ১৬ ডিসেম্বর জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ব্রডওয়ের কর্নারে জাতিগত হামলার শিকার হয় বাংলাদেশি একটি পরিবার। কৃষ্ণাঙ্গ একদল সন্ত্রাসী রাস্তায় হামলা চালিয়ে তাদের মারধর করে। এ ঘটনায় জাভেদ (২৫) নামে একজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করে। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইত্তেফাককে বলেন, মাত্র এক মাসের ব্যবধানে একই এলাকায় দুটি ঘটনা তাদের উদ্বিগ্ন করে তুলেছে। তিনি জানান, জেবিবিএ এ ব্যাপারে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনায় বসবে। প্রয়োজনে সবার সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করবে জেবিবিএ। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন জুডিশিয়াল ডেলিগেট ও এটর্নি মঈন চৌধূরী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা অগ্রসরমান অভিবাসী। মূলধারার রাজনীতিসহ ব্যবসা-বাণিজ্য, চাকরি ও শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশিরা উল্লেখযোগ্য অবদান রাখছেন। এসব কারণে স্প্যানিশ ও কৃষ্ণাঙ্গ সম্প্রদায় বিষয়গুলো মেনে নিতে পারছেন না। জাতিগত হামলা প্রতিরোধে সতর্ক হওয়া ছাড়াও বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।