বরেণ্য শিল্পী এসএম সুলতানের ৮৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ রবিবার নড়াইলে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী সুলতান মেলা। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ‘সুলতান মঞ্চে’ মেলার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেলায় দেশের বিভিন্নস্থান থেকে ব্যবসায়ীরা এসেছেন নানা পসরা নিয়ে।
নড়াইল জেলা প্রশাসন এবং এসএম সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বেসরকারি মোবাইল ফোন অপারেটর প্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। মেলায় অর্ধশতাধিক স্টল রয়েছে। গ্রামীণ খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন হয়েছেঃ চিত্রাংকন প্রতিযোগিতা, লাঠিখেলা, চিত্র প্রদর্শনী, মহিলা হ্যান্ডবল ও কাবাডি পুরুষ ভলিবল কুস্তি ষাঁড়ের লড়াই, ঘোড়ার গাড়ির দৌড়, শিল্পী সুলতানের জীবন ও কর্মের ওপর সেমিনার, সুলতান পদক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। স্থানীয় ৩৩টি সাংস্কৃতিক সংগঠন ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে সঙ্গীত শিল্পীরা সুলতান মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। মেলা উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং সমাপনী অনুষ্ঠানে সুলতান পদক ও পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার। সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, এবছর সুলতান স্বর্ণ পদকের জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনষ্টিটিউটের অধ্যাপক শিল্পী হামিদুজ্জামান খান।
