ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ পাকিস্তানে উদ্দেশে বলেছেন, আমাদের ওপর এমন কোনো চাপ সৃষ্টি করবেন না যাতে আমরা প্রতিশোধ নিতে বাধ্য হই। গতকাল শনিবার দেশটির একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি দুই দেশের সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় দুই ভারতীয় সৈন্য নিহত হওয়ার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে পাকিস্তানের কাছে এর ব্যাখ্যা দাবি করেন। খবর এনডিটিভির।
জম্মু ও কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সীমান্ত বাহিনীর পাল্টাপাল্টি গুলিতে ওই এলাকার বাসিন্দারা ভয়ে অন্যত্র চলে যাচ্ছেন। গত শুক্রবার বিকালে গুলি বিনিময় শুরু হয়ে দুই পক্ষের মধ্যে রাতেও তা অব্যাহত ছিল। ভারতের বিমান বাহিনীর প্রধান এনএকে ব্রাউন পাকিস্তানকে হুঁশিয়ার করে বলেছেন, এরপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হলে ভারত অন্য কোনো উপায় বেছে নেবে। পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এনডিটিভিকে দেয়া সাক্ষাত্কারে বলেন, আমরা পাকিস্তানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। আমরা চাই না এই উত্তেজনা বেশি দূরে যাক। এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং দুই দেশের জনগণকেও শান্ত রাখতে হবে। একতরফাভাবে পাকিস্তান সীমান্তে বাস সার্ভিস এবং বাণিজ্য বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, আমরা কোনো অশান্তির দিকে যেতে চাই না।
তবে দেশের স্বার্থে সবকিছু করা হবে। ভারতের বিমান বাহিনীর প্রধান সাংবাদিকদের বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। গত ৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় দুই দেশের ৪ জন সৈন্য প্রাণ হারিয়েছেন।
