সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২২:৩২
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রের সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গেছে। কোথাও শান্তি নেই। হাহাকার, খুন, হত্যা, নারী অপহরণ-ধর্ষণ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। স্বাধীনতার ৪১ বছর পেরিয়ে গেলেও জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। গতকাল শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টন হাউজ বিল্ডিং চত্বরে মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন। পীরসাহেব চরমেনাই বলেন, দেশ দিন দিন রসাতলে যাচ্ছে। সরকারের লোকজন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এক সরকারের মেয়াদে জ্বালানি তেল, বিদ্যুতের দাম পাঁচবার বৃদ্ধি করার নজির বিশ্বের কোথাও নেই। পীরসাহেব চরমোনাই বলেন, বার বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সরকার জনদুর্ভোগ সৃষ্টি করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব প্রতিটি ক্ষেত্রে পড়তে শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ ও নিম্নবিত্তের মানুষ অসহায় জীবনযাপন করছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সৈয়দ বেলায়েত হোসেন, আলহাজ্ব আলতাফ হোসেন, আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।