ত রু ণী ক থা

ফাহিমদা ইসলাম তামান্না

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৮:২৯
স্বপ্নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো আর নতুন এক বাংলাদেশ গড়ার ব্রত নিয়েই বেড়ে উঠি আমরা তরুণ সমাজ। কিন্তু কিছু কিছু স্বপ্ন অঙ্কুরেই ঝড়ে পরে আমাদের চলমান সমাজের কিছু অনাকাঙ্ক্ষিত পারিপার্শ্বিক ঘটনার ফলে। কিছু ঘটনা জানা যায়, কিছু চাপা পড়ে সময়ের অন্তরালে। কারও পাশে কেউবা দাঁড়ায়, কেউবা নিরবে চলে যায়, না ফেরার দেশে। যেমনটা ঘটেছে আমাদের টাঙ্গাইলের তরুণী “ছদ্দনাম” অপরাজিতার বেলায়। সদ্য তারুণ্যেয় ভরপুর স্কুল ছাত্রী অপরাজিতাকে অভিনয়ের প্রলোভন দেখিয়ে কতিপয় পিশাচ চক্র যে বর্বর ঘটনা ঘটিয়েছে তা ভাবতেই ঘৃণায় আমাদের মাথা নিচু হয়ে আসে। কী ভাষায় তাদের ঘৃণা করা উচিত তা আমাদের জানা নেই। তাছাড়া গত বছরের ১৬ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে চলন্ত বাসে এক উদীয়মান মেডিক্যাল ছাত্রীর উপর যে গণধর্ষণের মত এহেন বর্বর নির্যাতন চালানো হয়েছিল যার ফলে ফুঁসে উঠেছিল সমগ্র ভারতবর্ষ। তার এ নির্যাতনের প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল ভারতের বিভিন্ন মহলে এবং তাকে নিয়ে রচিত হয়েছে কবিতা, তাকে আখ্যায়িত করা হয়েছে নির্যাতিত নিখিল নারীর প্রতিমূর্তি রূপে। এত কিছুর পরেও মনে হয় কিসের যেন দূরত্ব এই দুই তরুণীর মাঝে। আর দূরত্বটা হচ্ছে দু’দেশের সাধারণ জনগণের বোধের জাগরণের দূরত্ব। যেখানে জনগণের এই বোধের জাগরণটা ভারতের তরুণীর বেলায় ছিল প্রত্যাশাতীত। তবে আমরা কেন পিছিয়ে থাকবো এই জনজাগরণের প্রতিযোগিতায়।