ইন্টারনেটের স্বাধীনতা নিয়ে কাজ করেছেন তিনি শুরু থেকেই। সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট রেড্ডিট-এর শুরুর দিককার ডেভেলপারও তিনি। আরএসএস ফিডের যে প্রচলন আজ সারা বিশ্বে, তার স্পেসিফিকেশনের সহ-লেখকও তিনি। তিনি আরন সোয়ার্টজ। অনলাইনে সুপরিচিত এই প্রতিভাবান প্রোগ্রামার গত ১১ জানুয়ারি মাত্র ২৬ বছর বয়সে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। ওপেন লাইব্রেরি, ইনফোগ্যামি’র মতো সব অনলাইন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সোয়ার্টজ ২০১০ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইথিকস-এর সদস্য হন। মুক্ত ইন্টারনেট নিয়ে তিনি অনলাইনে প্রচারণা চালিয়ে আসছিলেন শুরু থেকেই। সোপা, পিপার মতো প্রস্তাবনার বিরুদ্ধে তিনি ডিমান্ড প্রোগ্রেস নামে অনলাইন গ্রুপও চালু করেন। গত ১১ জানুয়ারি ব্রুকলিনের এক অ্যাপার্টমেন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। সোয়ার্টজের এই অকালপ্রয়াণে শোকাহত প্রযুক্তি বিশ্ব।
