দেশের ৪৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সম্মাননা পদক দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও প্রকাশিত প্রতিবেদনগুলো তথ্যসমৃদ্ধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে উপস্থাপনের জন্য ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০১২’ নামে এ সম্মাননা পদক দেয়া হয়। এবার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, ওষুধ শিল্পখাত, বিদ্যুত্ খাত এবং বহুজাতিক কোম্পানি ও অন্যান্য খাতে এসব পদক দিয়েছে।
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। আইসিএমএবির সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল জহিরউদ্দিন আহমদ। এছাড়া সাউথ এশিয়া ফেডারেশন অব একাউন্ট্যান্টসের (সাফা) সভাপতি ও আইসিএমএবির সাবেক সভাপতি এ মান্নান, অ্যাওয়ার্ড সিলেকশন কমিটির চেয়ারম্যান মোজাফফর আহমদসহ অনেকেই অনুষ্ঠানে বক্তব্য দেন।
এবছর ব্যাংক ক্যাটাগরিতে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (সাধারণ) ক্যাটাগরিতে প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও ওয়ান ব্যাংক লিমিটেড। বেসরকারি মালিকানাধীন ব্যাংকের মধ্যে (ইসলামী ব্যাংকিং) ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোস্যাল ইসলামী ব্যাংক সম্মাননা পেয়েছে।
বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্মাননা পদক পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও হাবীব ব্যাংক। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আইডিএলসি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স ও লংকা বাংলা ফাইন্যান্স পদক পেয়েছে। বীমা (সাধারণ) খাতে পদক পেয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইস্ট ল্যান্ড ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি। এদিকে ওষুধ শিল্প খাতের মধ্যে ৫টি প্রতিষ্ঠান সম্মাননা পদকপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, গ্লাক্সোস্মিথ ক্লাইন বাংলাদেশ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ও এসিআই ইন্ড্রাস্ট্রি। বিদ্যুত্ খাতে সামিট পাওয়ার, বরকতউল্লাহ ইলেকট্রো ডাইনামিকস, খুলনা পাওয়ার, পাওয়ার গ্রিড ও ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি (বিপিডিসি) সম্মাননা পেয়েছে। বহুজাতিক কোম্পানির মধ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ, মেরিকো বাংলাদেশ, বাটা সু ও সিঙ্গার বাংলাদেশ পদক অর্জন করেছে। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস (বিএসসিসিএল), খুলনা শিপইয়ার্ড, ইনভেষ্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ (আইসিবি) এবং আমরা টেকনোলজি।
প্রসঙ্গত, আইসিএমএবি ২০০৭ সাল থেকে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড দেয়া শুরু করে।
