ম্যাচের আগেরদিন লংকান দলের কোচ গ্রাহাম ফোর্ড বলেছিলেন নিজেদের সেরাটা দিয়েই সিরিজে ফিরে আসতে চায় তার দল। কথা রাখতে পেরেছে তার শিষ্যরা। অ্যাডিলেডে গতকাল স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে দারুণভাবে সিরিজে ফিরে এলো শ্রীলংকা।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সফরকারীদের দাপট। টসে হেরে ব্যাট করতে নেমে ম্যাচের চতুর্থ ওভার থেকেই লংকান বোলারদের দাপটের মুখোমুখি হতে হয় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। ওপেনার অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দেন পেসার অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলীয় রান তখন মাত্র সাত। এরপর ১২ রানে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটসম্যান ফিলিপ হিউজ। প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন অধিনায়ক জর্জ বেইলি ও ডেভিড হাসি। তবে ১০ রানের মধ্যে দু’জনই আউট হয়ে সাজঘরে ফিরলে বিপদ আরো প্রকট হয় অজি দলটির। ৮৩ রানের মধ্যে আরো দু’টি উইকেট হারায় জর্জ বেইলি বাহিনী। এমন অবস্থায় দলের হাল ধরেন ব্র্যাড হ্যাডিন ও বেন কাটিং। তাদের ৫৭ রানের জুটিতে সম্মানজনক স্কোরের দিকেই যাচ্ছিল অজিরা।
এমন সময় দৃশ্যপটে এলেন লংকান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ৪০তম ওভারে পর-পর দুই বলে তিনি ফিরিয়ে দেন কাটিং (২৭) ও কেন রিচার্ডসনকে। দলের স্কোর তখন ১৪০। ১৪৬ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। এরপরও যে ১৭০ রান পর্যন্ত যেতে পারলো দলটি তা ওই ব্র্যাড হ্যাডিনের (৫০) কল্যাণে।
১৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার উপুল থারাঙ্গাকে ফিরিয়ে দেন অজি পেসার ক্লিন্ট। তবে ১৩৭ রানের জুটি গড়ে জয়ের পথ সহজ করে দেন লাহিরু থিরিমান্নে ও তিলকারত্নে দিলশান। দিলশান ৫১ রান করে ফিরে গেলেও ছিলেন থিরিমান্নে। ৪১তম ওভারের প্রথম বলে বলকে বাউন্ডারি ছাড়া করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান থিরিমান্নে। সাথে সাথে দেশের হয়ে করেন ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর
টস: শ্রীলংকা
অস্ট্রেলিয়া : ৪৬.৫ ওভার ১৭০ অলআউট (ব্র্যাড হ্যাডিন ৫০, ডেভিড হাসি ২৯, বেন কাটিং ২৭, জর্জ বেইলি ২৬; লাসিথ মালিঙ্গা ৩/৩২, অ্যাঞ্জেলো ম্যাথিউস ২/২৪, থিসারা পেরেরা ২/৪০)
শ্রীলংকা: ৪০.১ বল ১৭২/২ (লাহিরু থিরিমান্নে ১০২*, তিলকারত্নে দিলশান ৫১)
ফলাফল : শ্রীলংকা ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : লাহিরু থিরিমান্নে
সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা
