ঝিনাইদহে অবাধে জাটকা বিক্রি হচ্ছে

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫০
জাটকা ধরা ও বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ হলেও তদারকির অভাবে ঝিনাইদহ জেলার বিভিন্ন হাট-বাজারে তা অবাধে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ীরা ভোক্তাদের কাছে সাগরের চাপিলা বলে জাটকা বিক্রি করছে। প্রকাশ, উপকূলীয় ভোলা, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার মত্স্য বন্দরগুলো থেকে ঝিনাইদহ জেলার মাছের আড়তগুলোতে জাটকা আনা হয়। তারপর খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন হাট-বাজারে নিয়ে অবাধে বিক্রি করছে। রাতের আঁধারে অন্য মাছ বোঝাই ট্রাকে লুকিয়ে এ জাটকা আনা হয়। আড়তে পাইকারি প্রতি কেজি আড়াইশ’ টাকা দরে কিনে খুচরা ৩শ’ টাকা কেজি দরে বিক্রি করছে মাছ ব্যবসায়ীরা। আড়তদারদের কথা, যেখানে জাটকা ধরা হয় সেখানে বন্ধ করলে জাটকার কেনাবেচা বন্ধ হবে। জেলা মত্স্য দপ্তর ও প্রশাসন সজাগ থাকলে জাটকা বেচাকেনা বন্ধ হবে বলে একজন ক্রেতা জানান। এ ব্যাপারে ঢাকায় ইলিশ প্রকল্পের সহকারি পরিচালক নির্মল চন্দ্র রায় জানান, জাটকা শিকারি ও বিক্রেতারা আটকও হচ্ছে। মানুষের মাঝে সচেতনতার অভাবে জাটকা নিধন পুরোপুরি সফল হচ্ছে না বলে তিনি জানান।