দীর্ঘ ৯ বছর ধরে আটকে আছে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সঁকোয়া ব্রিজের কাজ। ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী থেকে পূর্বদিকে সড়কের মাঝামাঝি সাঁকোয়া বেইলি ব্রিজ। ব্রিজটি বর্তমানে ঝুকিপুর্ণ হয়ে পরলেও পূননির্মাণ কাজ এখনো অনিশ্চিত।
জানা যায়, দীর্ঘ ২৩ বছর আগে সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা-রংপুর মহাসড়কের সাথে গাইবান্ধার সংযোগ রক্ষার জন্য পলাশবাড়ী উপজেলা সদর থেকে গাইবান্ধা সদর পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ হাতে নেয়। সেই সময় নির্মিত বেইলি ব্রিজটি এখন নড়বড় নয়ে পড়েছে। পিলারগুলো দুর্বল হয়ে পড়ায় ব্রিজটিতে যানবাহন উঠলেই দুলতে থাকে। গত তিন বছরে কমপক্ষে ৪০ বার ব্রীজটির স্টিলের পাটাতনসহ অন্যান্য স্ট্রাকচার খুলে পড়ায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পরে। সুত্রটি আরো জানায়, ব্রীজটি পূননির্মাণের জন্য গাইবান্ধা জেলা সড়ক ও জনপথ বিভাগ থেকে গত ২০০৪ সালের ৯ মে যোগাযোগ মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রস্তাবটি দুই বছর পর অজ্ঞাত কারণে বাতিল করে দেয়া হয়। পরে আবারো ২০১০ সালে নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে তা যোগাযোগ মন্ত্রণালয়ে পড়ে আছে বলে জানা গেছে।
জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহি প্রকৌশলী একেএম আব্দুস সালাম জানান, সাঁকোয়া বেইলি ব্রীজটি আরসিসি সেতুতে রূপান্তরিত করার উদ্যোগ নেয়া হয়েছে। একনেকের অনুমোদন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলেই ব্রিজের কাজ শুরু করা হবে।
