চকরিয়ায় রাবার ড্যামের ব্যাগ স্থাপনে ধীরগতি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫১
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে নির্মাণাধীন রাবার ড্যামের ব্যাগ স্থাপনে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবহেলা ও কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। সোমবার উপজেলা পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো.রুহুল আমিনের কাছে নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নালিশ করেছেন উপজেলার উপকূলীয় ৭ ইউনিয়নের চেয়ারম্যানরা। তারা জেলা প্রশাসকের কাছে বলেছেন, সঠিক সময়ে ড্যামের সংশ্লিষ্টরা রাবার ব্যাগ স্থাপন না করায় চলতি মৌসুমে উপজেলার কোনাখালি, বিএমচর, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, বদরখালি, পূর্ববড় ভেওলা ও সাহারবিল ইউনিয়নের প্রায় ৫০হাজার একর জমিতে সেচ সুবিধার অভাবে বোরো চাষাবাদ ব্যহূতের আশঙ্কা দেখা দিয়েছে। ওই সময় জেলা প্রশাসক বিষয়টির সত্যতা জানতে সভায় পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা উপস্থিত রয়েছে কিনা জানতে চান। তবে ওইদিন সভায় তাদের কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন, জমিতে সেচ সুবিধা নিশ্চিত না হওয়ায় চাষাবাদ নিয়ে চলতি মৌসুমে স্থানীয় কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো.মাঈনুদ্দিন বাঘগুজারা ড্যামে রাবার ব্যাগ স্থাপনে ধীরগতির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাগের উপরে ব্যাপক হারে পলি জমে থাকায় ব্যাগ ফুলাতে কিছুদিন সময় লেগেছে। তবে বুধবার বিকেল পর্যন্ত সময়ে ড্যামের তিনটি ব্যাগ ফুলানো হয়েছে। ক’দিনের মধ্যে আরো একটি ব্যাগ ফুলানো সম্ভব হবে। তিনি বলেন,আগামী সপ্তাহের মধ্যে নদী থেকে সেচ সুবিধা নিতে পারবে কৃষকরা।