সাদুল্লাপুরে স্কুল কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫২
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বকসীগঞ্জ এ কে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গোপনে গঠন করার অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ড ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শো-কজ করেছে। এদিকে ওই কমিটি বাতিলের দাবিতে ওই স্কুলের অভিভাবক ও এলাকাবাসী গত শনিবার স্কুলমাঠে এক সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই এলাকার (ধাপেরহাট) ইউপি সদস্য জিল্লুর রহমান জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি নিয়মিত গঠনের জন্য কোন প্রকার নোটিস কিংবা প্রচারণা না করে ভুয়া ভোটার তৈরি করে গোপনে কমিটি প্রক্রিয়া শুরু করেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি অবগত হলে ১০ ডিসেম্বর কমিটি গঠন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। সম্মেলনে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠা সদস্য সেলিম মন্ডল জানান, লোক নিয়োগে অনিয়ম করার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসব করেছেন। সম্মেলনে অভিভাবক শামছুল হক জানান, সভাপতি মমতাজউদ্দিনের কোন ছেলে-মেয়ে এ স্কুলে অধ্যয়ন করে না। মমতাজউদ্দিনের ছেলে আবু রুম্মান পার্শ্ববর্তী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তাকে এই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র দেখিয়ে মমতাজউদ্দিনকে ভোটার বানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিক্ষা বোর্ড কিভাবে এ কমিটির অনুমোদন দিল তা তার বোধগম্য নয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে জানান, বিধিমোতাবেক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।