ফরিদগঞ্জের একটি মাদ্রাসা দশদিন তালাবদ্ধ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫৩
উপজেলার হর্নী দুর্গাপুর আলিম মাদ্রাসায় ৭দিন যাবত্ তালা ঝুলছে। ফলে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে পড়েছে। সরেজমিন গতকাল রবিবার গিয়ে দেখতে পাওয়া যায়,সব ক’টি শ্রেণি কক্ষসহ অফিসকক্ষে তালা ঝুলতে। ইউছুফ,নাছিরসহ অভিভাবক ও এলাকাবাসী জানায়, মাদ্রাসাটির অধ্যক্ষ মুন্ছর আহমদের অনিয়মে প্রায় ১৭ বছর যাবত্ বিভিন্ন সমস্যা আর স্বেচ্ছাচারিতায় পড়ার পরিবেশ ভেঙ্গে পড়েছে। তাছাড়া শিক্ষকরা ঠিকভাবে আসা যাওয়া করা ও সঠিক ভাবে পাঠদান করছেন না। আর এদের বিরুদ্ধে অধ্যক্ষ কোন ব্যবস্থাও নিচ্ছেন না। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুনছুর আহমেদ জানান, বিভিন্ন অসুবিধার কারণে আলিম স্তরে ফলাফল খারাপ হওয়ায় ২০১০ সালের ফেব্রুয়ারি হতে আলিম পর্যায়ের ৫ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে নিয়মিত মাদ্রাসায় ঐ শিক্ষকরা আসতে চায় না। সম্প্রতি দু’শিক্ষককে নিয়োগ দিয়ে সাড়ে ৩ লাখ টাকা ঘুষ নেয়ার বিষয়ে তিনি ২লাখ ৮৭ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, মাদ্রাসার উন্নয়নেই টাকা নেয়া হয়েছে। তালা লাগানোর প্রশ্নে কোন পদক্ষেপ নিয়েছেন কি? জানতে চাইলে তিনি জানান, তালা এলাকার বখাটেদের কয়েকজন লাগিয়েছে। আমি মাদ্রাসার সভাপতিকে জানিয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাকীবিল্লাহ জানান, আমার নিকট এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কারো কাছ থেকে লিখিত/মৌখিক কোন অভিযোগ এ পর্যন্ত আসেনি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।